ফটিকছড়ি প্রতিনিধি
ভূজপুরে নয় উত্তর উপজেলা সদর দাবি
ফটিকছড়িতে টায়ার জ্বালিয়ে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসনিক কার্যক্রমের জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তারা মহা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হেয়াঁকো এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ভৌগোলিক, যোগাযোগ ও জনসেবার দিক বিবেচনায় একটি যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবি জানান।
বিক্ষোভকারীরা মানববন্ধন শেষে মিছিল নিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের হেয়াঁকো এলাকায় অবস্থান নেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও বাস্তব পরিস্থিতি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। তারা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং যৌক্তিক স্থানে উত্তরে উপজেলা সদর স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন।ভূজপুর থানায় উপজেলা মেনে নিবেননা তারা।
ফটিকছড়ি উত্তর উপজেলা নাগরিক ফোরামের সদস্য সচিব এডভোকেট রাসেল আহমদ ভুঁইয়া বলেন, ১/১১ সময়ে ফটিকছড়ির দক্ষিণের নেতারা ষড়যন্ত্র করে ভূজপুরে থানা স্থাপন করে।
এবারও তারা ভূজপুরে নতুন অনুমোদন পাওয়া ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর স্থাপনের জন্য উঠে পড়ে লেগেছে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি উপেক্ষিত করে ভুজপুরে সদর দপ্তর স্থাপন করতে আমরা তা দিবে না। আমাদের আন্দোলন চলছে, চলবে। পরবর্তীতে নতুন কর্মসূচী দেওয়ার ঘোষণা দিয়ে তিনি আজকের অবরোধ কর্মসূচি সমাপ্ত করেন।









































