বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

ভূতুড়ে বিদ্যুৎ বিল গ্রহণযোগ্য নয় : এমপি এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, "ভূতুড়ে বিদ্যুৎ বিল কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বিল যাতে জনগণকে পরিশোধ করতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি সহায়তা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হলো মানুষের স্বস্তি নিশ্চিত করা এবং আর্থসামাজিক উন্নয়ন এগিয়ে নেওয়া।

তিনি দাবি করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে এবং চলতি বাজেটে ৬১টি পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন, ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়। একইসঙ্গে পৌরসভার জিআর (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন, উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্যচাষ প্রদর্শনী খামারের উপকরণ এবং কৃষি বিভাগের উদ্যোগে আমন ধানের বীজ ও সার, সবজির বীজ এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইছহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, হামিদুল হক মন্নান, শহীদুল্লাহ চৌধুরী, মেহেদী হাসান সুজনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়