ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে ২ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

কৃষি পুনর্বাসন সহায়তা খাতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদন কর্মসূচির আওতায় ২ হাজার জন কৃষকের প্রত্যেককে ৭ ধরনের শাকসবজির ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি পটাশ সার দেওয়া হয়েছে। এছাড়া চলতি আমন মৌসুমে ২ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উন্নত জাতের (ব্রিধান ১০৩, ৭৫, ৮৭ ও ২৯) ৫ কেজি করে ধান বীজ এবং ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ১ হাজার ৯৮ জন উপকারভোগীর মাঝে ৫টি করে ফলদ ও বনজ গাছের চারা, জৈবসার ও খুঁটি বিতরণ করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, "কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফলন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" কর্মসূচির সঠিক বাস্তবায়নে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
পিডিএস/এমএইউ









































