সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে গ্রাহকদের মানববন্ধন

ছবি : প্রতিদিনের সংবাদ

অনিয়ম, দুর্নীতি, সরকারি সম্পদ আত্মসাৎ ও গ্রাহক হয়রানির অভিযোগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. নুরুল হুদার অপসারণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

বুধবার (১ জুলাই) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সমিতির আওতাধীন উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর ও খুকনী এলাকার ভুক্তভোগী গ্রাহক, ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জিএম মো. নুরুল হুদার বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা ও গ্রাহকদের হয়রানির নানা ঘটনা ঘটছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে প্রায় সাড়ে তিন হাজার নষ্ট বিদ্যুৎ মিটার পরিবর্তন না করে গ্রাহকদের কাছ থেকে জোরপূর্বক গড় বিল আদায় করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এছাড়া অফিসে পর্যাপ্ত মিটার মজুত থাকা সত্ত্বেও ‘মিটার নেই’ অজুহাতে নতুন আবাসিক সংযোগ কার্যত বন্ধ রাখা হয়েছে। কোনো এলাকার ট্রান্সফরমার বিকল হলে তা পরিবর্তনে ৭ থেকে ১০ দিন পর্যন্ত সময় নেওয়া হচ্ছে, যার ফলে হাজারো মানুষকে দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সরকারি নিয়ম উপেক্ষা করে অফিস প্রাঙ্গণের মূল্যবান গাছ কেটে বিক্রি করা হয়েছে। পাশাপাশি প্রায় তিন লাখ টাকা ব্যয়ে পুকুরঘাট নির্মাণের নামে পূর্বনির্মিত প্যারেড গ্রাউন্ড ও পতাকাস্ট্যান্ড ভেঙে সরকারি অর্থের অপচয় করা হয়েছে।

গ্রাহকরা জানান, এর আগে গত ১১ জুন একই দাবিতে সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হলো। স্মারকলিপিতে জিএম মো. নুরুল হুদাকে অবিলম্বে দায়িত্ব থেকে প্রত্যাহার, উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, নষ্ট মিটার দ্রুত পরিবর্তন ও নতুন সংযোগ চালুসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহক সোলাইমান, মোছা. ফুফিয়া খাতুন, ইলেকট্রিশিয়ান হান্নান, মোহাম্মদ মইনউদ্দিন, রিন্টু, আমজাদ হোসেন, রুহুল আমিন ও মনসুরসহ বিভিন্ন এলাকার অসংখ্য গ্রাহক উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়