দৌলতদিয়া ঘাটে সিসি ক্যামেরা ও কন্ট্রোল রুম বসছে: নৌপ্রতিমন্ত্রী

দৌলতদিয়া ফেরিঘাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনা উন্নত করতে প্রতিটি ঘাটে অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারির জন্য একটি আধুনিক কন্ট্রোল রুম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
বুধবার (১ জুলাই) বিকেলে দৌলতদিয়া ঘাটের উন্নয়ন ও নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, যাত্রীবাহী বাসের ওঠানামা নিয়ন্ত্রণে ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কের মুখে স্থায়ী ব্যারিকেড স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়া প্রতিটি ঘাটের ভেতর ও মূল সড়কে সিসি ক্যামেরা বসিয়ে তা কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। তিনি সবাইকে ঘাটের এসব সরকারি স্থাপনা নিজেদের সম্পদ মনে করে রক্ষা করার আহ্বান জানান।
ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই তিনি সরেজমিনে পরিস্থিতি দেখতে এসেছেন। তবে বিআইডব্লিউটিএর প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৬৩ সাল থেকেই নদীভাঙনপ্রবণ এই এলাকায় কারিগরি নিয়মনীতি মেনেই শিডিউল অনুযায়ী বাঁশ ব্যবহার করা হয়ে আসছে। দীর্ঘদিন ধরে প্রচলিত একটি পদ্ধতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হওয়ায় সরকার বিব্রত হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে আরও দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করার আহ্বান জানান।
তিনি আরও জানান, ভবিষ্যতে ঘাটে যেকোনো উন্নয়নকাজের ক্ষেত্রে বিস্তারিত তথ্যসংবলিত সাইনবোর্ড টাঙানো হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। সম্প্রতি দৌলতদিয়া ঘাটে দুটি বাস দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একাধিক কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং এগুলো বাস্তবায়িত হলে ঘাটের সার্বিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে।
পিডিএস/এমএইউ









































