উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

উলিপুরে বসতভিটার পাশে মাটি কাটার অভিযোগ, ধসের ঝুঁকিতে পরিবার

ছবি : প্রতিদিনের সংবাদ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এলাকায় বসতভিটার পাশ ঘেঁষে গভীর গর্ত করে পুকুরের মাটি কাটার অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। এতে বসতভিটা ধসে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. ছক্কু মিয়া।

অভিযুক্তরা হলেন—একই এলাকার আব্দুর রহমান ও আব্দুর রাজ্জাক।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছক্কু মিয়ার বসতভিটার সীমানা ঘেঁষে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গভীর গর্ত করে পুকুরের মাটি কাটছেন। এতে ইতিমধ্যে বসতভিটার একাংশ ধসে পুকুরে পড়ে গেছে। একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা মাটি কাটা বন্ধ করেননি। সর্বশেষ গত ১৮ জুন আবারও মাটি কাটা শুরু করলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর প্রতিবাদ করায় ভুক্তভোগী ও তাঁর পরিবারকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ছক্কু মিয়া জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আইনি প্রতিকারের জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন।

তবে অভিযুক্ত আব্দুর রহমান দাবি করেন, ছক্কু মিয়ার বাড়ির একটি অংশ এখনো তাদের সীমানার মধ্যে রয়েছে। তবে বিষয়টি নিয়ে এলাকাবাসীর বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, তা তারা মেনে নিয়েছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়