লামা (বান্দরবান) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

লামায় প্রধানমন্ত্রীর ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার ও আলোচনা

ছবি : প্রতিদিনের সংবাদ

‘জাতীয় ঐক্যের প্রতীক নজরুল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় এই নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, "বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিটি কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা জোগায়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে নতুন সাংস্কৃতিক জাগরণের সূচনা হয়েছে, সেখানে নজরুলের চেতনা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নতুন প্রেরণা দিচ্ছে। এই প্রেরণা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।" নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী সরকার ঘোষিত নানা কর্মসূচি পালন করা হবে বলেও প্রশাসন থেকে জানানো হয়।

অনুষ্ঠানে লামা উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. রাশেদুল হক, স্থানীয় বিএনপি নেতা আব্দুর রব, আবু তাহের মিয়া, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় আজ সারা দেশে এর উদ্বোধনী অনুষ্ঠানটি সহকারী তথ্য অফিসের ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়