গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হামলা চালিয়ে আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রবিবার (২৮ জুন) সকাল ১১টার দিকে র্যাব ১০-এর ফরিদপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।
তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র্যাব ৬-এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফয়সাল শেখ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার অপু শেখের ছেলে। তিনি গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করেন এবং তাকে আটক করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিকালে ফয়সালের সহযোগীরা কর্তব্যরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা হ্যান্ডকাফ পরিহিত ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং দণ্ডবিধির সরকারি কাজে বাধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়া ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ বিভিন্ন ধারায় রুজু করা হয়।
মামলার তদন্তের স্বার্থে র্যাব ১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়।
মেজর ফারহান মাহমুদ মোক্তাদা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।









































