reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে আট মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘গ্রেট প্রফেট ১৭’ নামের একটি যৌথ সামরিক মহড়া চলাকালীন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ২২ ডিসেম্বর ২০২১

মধ্যপ্রাচ্যের আটটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

এই হামলাকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু করা আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব হিসেবে বর্ণনা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ।

শনিবার দিবাগত রাতে ইরানের সিরিক শহর এবং কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানিয়েছে (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের নৌবাহিনী এবং মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান চালিয়েছে। এই অভিযানে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

আইআরজিসির ভাষায়, (যুক্তরাষ্ট্রের) স্বভাবই হলো প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘন করা। তারা ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে হামলা চালিয়েছে। তারা এ হামলাকে হরমুজ প্রণালিতে আইআরজিসি নৌবাহিনীর একটি অনুপ্রবেশকারী জাহাজের বিরুদ্ধে নেয়া পদক্ষেপের জবাব হিসেবে দাবি করেছে।

বিবৃতিতে যোগ করা হয়, সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সামুদ্রিক নৌযানের তদারকির দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত রয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, এখন থেকে নিয়ম লঙ্ঘনকারী যেকোনও নৌযানের বিরুদ্ধে আগের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। শত্রুপক্ষ ভবিষ্যতে যেকোনও অজুহাতে নতুন করে আগ্রাসন চালালে তার জবাব হবে অত্যন্ত কঠোর ও বিধ্বংসী। সূত্র: প্রেস টিভি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়