ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে হকার উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

ঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হকার উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুলডোজার চালক ও তার সহকারী আহত হয়েছেন। পরে অভিযান বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় সড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, ধামরাই ঢুলিভিটা মহাসড়ক দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে। সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে কয়েকটি দোকান উচ্ছেদ করার পর একপর্যায়ে হকাররা বুলডোজার গাড়ি ও চালকের ওপর হামলা চালায়। এতে চালক ও তার সহকারী আহত হন।
এদিকে উচ্ছেদ হওয়া হকারদের অভিযোগ, তাদের কোনো ধরনের নোটিশ না দিয়ে হঠাৎ করেই অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। আমাদের মালামাল সড়ানোর সুযোগ না দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। এখন আমাদের মালামালের ক্ষতিপূরণ দিবে কে।
এই বিষয়ে সওজের নয়ারহাট শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, ধামরাই ঢুলিভিটা রাস্তার জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় মানুষের দুর্ভোগ হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল। এ সময় হকাররা হামলার চালায়।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহামেদ রাফি বলেন, “সরকারি জায়গা দখলমুক্ত রাখতে নিয়ম অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।









































