ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাট্টা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গোপালঘাট্টা এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে গত ১৬ জুন রাত পৌনে ১০টায় র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি পাশের ঝোপঝাড় দিয়ে পালিয়ে যান।

পরে র‌্যাব সদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে গোপালঘাট্টা মেইন গেট থেকে প্রায় ১০০ গজ উত্তরে সড়কের পাশে ঝোপঝাড়ের মধ্যে একটি কালো রঙের শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করেন।

উদ্ধার হওয়া অস্ত্রটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, অস্ত্রটি সেখানে কারা রেখে গেছে এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এলাকায় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়