বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

বদলগাছীতে জাতীয় ফলমেলা ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি।

উদ্বোধনের পর জাতীয় ফলমেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও ইশরাত জাহান ছনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী (টিপু), সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ফলচাষি, বাগান মালিক, কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফল চাষের সম্প্রসারণের মাধ্যমে দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি করা সম্ভব। দেশীয় বিভিন্ন ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং বাজারজাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলায় প্রায় ৩০ প্রজাতির আমের চাষ হয়। এছাড়াও কাঠাল, ডাব, পেঁপে, লিচু, তাল, চালতা, খেজুর, কলা, বেল, কমলা, মাল্টা, লেবু, সফেদা, আমড়া, পেয়ারা, ডালিম, বেদানা, জাম্বুরা, ডেউয়া, আঙুর ও জামরুলসহ বিভিন্ন প্রজাতির ফল উৎপাদিত হচ্ছে। এসব ফল স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হয়।

মেলায় উপজেলার বিভিন্ন ফলচাষি ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত দেশীয় ও বিদেশি জাতের নানা ফলের প্রদর্শনী করেন। মেলা ঘিরে কৃষক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়