আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানে দেশব্যাপী আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদের হত্যাকাণ্ডের মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল।
রায়ে দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। রবিবার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় প্রকাশ করেন।
মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ে বাকি আসামিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
২০২৪ সালে কোটাবিরোধী আন্দোলন চলাকালীন ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
দুই হাত ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়ানো আবু সাঈদের একটি ভিডিও সেসময় সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
তার মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে তৎকালীন সরকার এক পর্যায়ে কারফিউ জারি করলেও তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।









































