ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ৭ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রবিবার বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রাতে ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন। অভিযুক্ত রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাজাহান খলিফার ছেলে।

ভুক্তভোগী পরিবার জানান, রবিবার বিকেলে বড় কুশিয়ারা একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিল শিশুটি। এ সময় অভিযুক্ত রুবেল শিশুটিকে চানাচুর খাওয়ানোর কথা বলে গ্যারেজের ভেতরে টয়লেটের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন প্রতিবেশি এক মহিলা দেখে শিশুটির পরিবার ও এলাকার লোকজনকে জানান। এরপর শিশুটির পরিবার ও আশপাশের লোকজন গ্যারেজের ভেতরে টয়লেটের সামনে গিয়ে দরজা খুলতে বলে। কিন্তু রুবেল দরজা না খুলে শিশুটির মুখ চেপে ধরে বসে থাকে। একপর্যায় টয়লেটের দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল দরজা খুলে দেয়। পরবর্তীতে সবাই মিলে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে আটকিয়ে রেখে পুলিশের হেল্প লাইন ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে ধামরাই থানার পুলিশ সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন বলেন, কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা একটি অটো গ্যারেজে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকার লোকজন আটকিয়ে রেখে পুলিশকে জানান। সংবাদ পেয়ে দ্রুত সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। রাতেই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়