সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

সিরাজগঞ্জের কাজীপুরে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি আব্দুর রাজ্জাক (৪০) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
রবিবার (৭ জুন) বিকেলে কাজীপুর উপজেলার হাজরাহাটি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে আহত ব্যবসায়ীর সহকারী রুহুল আমিন বাদী হয়ে কাজীপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করে আব্দুর রাজ্জাক বিকেলে আরও দুই ব্যবসায়ীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে করে এসে হাজরাহাটি বাজারে অটোরিকশাটির গতিরোধ করে। পরে চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার সাথে থাকা তিন ব্যবসায়ীর ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে চরভানুডাঙ্গা সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজ্জাককে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করান।
আহত আব্দুর রাজ্জাকের সঙ্গে থাকা ব্যবসায়ী রুহুল আমিন বলেন, গরু বিক্রি বাড়ি ফেরার পথে হাজরাহাটি বাজারে আমাদের অটোরিকশাকে থামায় মোটরসাইকেলে করে আসা তিনজন যুবক। এর পরপরই এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় রাজ্জাকের কাছে থাকা আমাদের ৬ লাখ ৯০ হাজার কেড়ে নিয়ে তারা পালিয়ে গেছে।’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।









































