মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪-এর একটি আভিযানিক দল রবিবার রাতে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহাঙ্গীর আলম(২৮)-কে গ্রেফতার করে।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে ঢাকা মহানগরীসহ আন্তঃজেলায় বিক্রয় করত। ২০১৮ সালের মে মাসে মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ মিরপুর মডেল থানা পুলিশ কর্তৃক তাকে গ্রেফতার করা হয়, যার প্রেক্ষিতে একটি মাদক মামলা রুজু হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় আসামিকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করলে তার প্রেক্ষিতে পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজা প্রদান করেন এবং সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই ধারাবাহিকতায় অধিযাচন পত্রের মাধ্যমে র্যাব-৪-এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আরও জানায়, মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে উক্ত আসামি প্রায় দীর্ঘ ৪ বছর বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে বসবাস করছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।









































