বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন : এমপি ফজলে হুদা

চিকিৎসা সেবার জন্য অপ্রয়োজনে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে না গিয়ে সরকারি হাসপাতালের সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
শুক্রবার (৬ জুন) বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর বাজার এলাকায় গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি ফজলে হুদা বাবুল বলেন, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগের চেয়ে অনেক উন্নত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তাই একই চিকিৎসকের কাছে বাইরে ক্লিনিকে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন নেই। সরকারি হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাওয়া সম্ভব।
তিনি বলেন, আমার মা সম্প্রতি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন। ইতোমধ্যে তিনজন নতুন চিকিৎসক হাসপাতালে যোগদান করেছেন। এছাড়া শিশু, বক্ষব্যাধি ও অর্থোপেডিক (হাড়জোড়) বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, আগামী কয়েক মাসের মধ্যেই এসব বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন হবে।
স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের বিষয়ে তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজনের কার্যক্রমও চলমান রয়েছে। সরকারি হাসপাতালের উন্নত সেবার বিষয়ে ইতিবাচক বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে এমপি বাবুল বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এ এলাকার কোনো রাস্তা কাঁচা থাকবে না। পর্যায়ক্রমে সকল গ্রামীণ সড়ক উন্নয়ন করা হবে। একই সঙ্গে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বদলগাছী উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প সূত্রে জানা যায়, মোট ১ হাজার ৫০০ মিটার সড়ক এইচবিবি নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় ১ হাজার মিটার এবং মথুরাপুর ইউনিয়নের ফয়জাবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে থুবশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫০০ মিটার সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পিডিএস/এমএইউ









































