শালিখা (মাগুরা) প্রতিনিধি
শালিখায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাগুরার শালিখায় ঘরের কোলের শিশু সন্তান ও স্ত্রীকে বাঁচাত গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অপূর্ব বিশ্বাস শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজন সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে স্ত্রী দীপা বিশ্বাস তাঁর দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে ঘরের সামনের জিআই তারে কাপড় শুকাতে দেন। ওই তারটি অসাবধানতাবশত বিদ্যুতায়িত থাকায় তিনি সন্তানসহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। তাঁদের চিৎকার শুনে ঘুম থেকে জেগে অপূর্ব বিশ্বাস ছুটে আসেন। স্ত্রী ও সন্তানকে বাঁচাতে গেলে তিনি নিজেই বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়েন।
পরবর্তীতে পরিবারের অন্য সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
এদিকে মা, স্ত্রী ও ছোট সন্তানকে রেখে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অপূর্বর এমন অকালমৃত্যুতে এলাকায় ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পিডিএস/এমএইউ









































