সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে ঘর নির্মাণের অভিযোগ

ছবি : প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর কাজীবাড়ী সংলগ্ন একটি শতবর্ষী পুকুর পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম মাকসুদুর রহমান (প্রকাশ বজল সওদাগর)। তিনি লতিফপুর এলাকার মৃত সিরাজুল মোস্তফার ছেলে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৩০০ শতক আয়তনের শতবর্ষী পুকুরটির দুই পাড়ের বড় একটি অংশ বালু দিয়ে ভরাট করা হয়েছে। ভরাটের পর পশ্চিম অংশের জায়গায় নতুন গৃহ নির্মাণের কাজ চলছে। অন্যদিকে দক্ষিণ পাড় ভরাট করে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অধিবাসীরা জানান, মাকসুদুর রহমান প্রভাবশালী হওয়ায় তাঁর এই বেআইনি কাজের বিরুদ্ধে ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলায় গত এক দশকে বিধিবহির্ভূতভাবে একাধিক পুকুর ভরাট করে নানা স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে। স্থানীয় সচেতন মহলের দাবি—আইনের সঠিক প্রয়োগ ও তদারকির অভাবে অপরাধীরা উৎসাহিত হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাকসুদুর রহমান বলেন, "আমি পুকুরটির অংশীদার এবং খতিয়ানে আমার নাম রয়েছে। পুকুরের পাড় ভেঙে যাওয়ায় তা ভরাট করে ভাড়া ঘর নির্মাণ করছি। আমার নির্দিষ্ট কোনো আয় নেই, তাই ভাড়া থেকে আসা টাকাতেই সংসার চলে। কারও ক্ষতিসাধন হয় এমন কাজ আমি করছি না।"

এ বিষয়ে বক্তব্য জানতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়