হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হালদা নদীতে অভিযানে ৬ হাজার ৫শ মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের বঙ্গবন্ধু মৎস্য ঐতিহ্য হালদা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার ৫শ মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টা থেকে গভীর রাত ২টা পর্যন্ত হালদা নদীর খলিফাগোনা অংশ থেকে ছিপাতলী পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, অভিযানের সময় নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬টি অবৈধ চরঘেরা জাল, ১টি ভাসা জাল ও ২টি বড়শি জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৫শ মিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
তিনি আরও বলেন, "কার্প জাতীয় মাছসহ হালদার জীববৈচিত্র্য রক্ষা এবং প্রজননক্ষম মা মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
অভিযানকালে হাটহাজারী উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী লিংকন চৌধুরী এবং হালদা প্রকল্প ও আইডিএফের পাহারাদারেরা সার্বিক সহযোগিতা করেন।
পিডিএস/এমএইউ









































