সিরাজগঞ্জ প্রতিনিধি
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, সিরাজগঞ্জে যাত্রীর ডান চোখ নষ্ট

পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে সাব্বির হোসেন (২২) নামে এক যাত্রীর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আহত যাত্রীকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
আহত সাব্বির হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মধ্যবর্তী কোনো স্থানে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এ সময় একটি পাথর জানালার পাশে থাকা সাব্বির হোসেনের ডান চোখে এসে লাগে। আঘাতে তাঁর ডান চোখটি পুরোপুরি নষ্ট হয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে এক যাত্রী গুরুতর আহত হলে তাকে জামতৈল স্টেশনে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, আহত যাত্রীকে প্রথমে স্থানীয় আলোকদিয়ার খোকন মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চোখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পিডিএস/এমএইউ









































