ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে তিনি এ তথ্য জানান।
হেগসেথ বলেন, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত পরিচালনা ও রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত কিছু ব্যয়ও এই হিসাবের অন্তর্ভুক্ত। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগে ট্রাম্প প্রশাসন মে মাসে যুদ্ধের ব্যয় ২৯ বিলিয়ন ডলার বলে জানিয়েছিল।
শুনানিতে হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট এবং ইরান যুদ্ধের জন্য প্রায় ৭০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন।
তবে মুডিস অ্যানালিটিকস বলছে, জ্বালানির মূল্যবৃদ্ধিসহ যুদ্ধের পরোক্ষ অর্থনৈতিক প্রভাব বিবেচনায় যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ১৫০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
হেগসেথ আরো বলেন, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুতের ওপর চাপ বেড়েছে। তাই উচ্চ চাহিদাসম্পন্ন গোলাবারুদ ও অস্ত্রের উৎপাদন বাড়াতে অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন। তিনি সতর্ক করেন, দ্রুত বাজেট অনুমোদন না হলে ভবিষ্যতে সামরিক প্রশিক্ষণ কার্যক্রমেও কাটছাঁট করতে হতে পারে।
এদিকে, ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মারে প্রতিরক্ষা বাজেটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতের ব্যয় একত্র করা হয়েছে, যা তার কাছে যৌক্তিক মনে হচ্ছে না। সূত্র: আল-জাজিরা









































