গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১ জন নিহত, রুশ নাগরিকসহ আহত ১২

ছবি : প্রতিদিনের সংবাদ

নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় রাশিয়ার আট নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের সহকারীর নাম ইমন (২২)। তিনি নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর থেকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক ও ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইমন নিহত হন। সংঘর্ষে বাসের যাত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত চার নারীসহ আটজন রুশ নাগরিক এবং উভয় যানবাহনের চালক ও হেলপার আহত হন।

খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতেই দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে আহতদের দেখতে যান গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় রাত ১১টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়