বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা

২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের তিনটি ভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত প্যাকেজ অনুযায়ী—বিশেষ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে সর্বোচ্চ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ৯৫ হাজার টাকা এবং সর্বনিম্ন প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন প্যাকেজে সকল মৌলিক সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আগামী বছরের সরকারি হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন। সরকারিভাবে 'হজ প্যাকেজ-১' (খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা) এবং 'হজ প্যাকেজ-২' (খরচ ৫ লাখ ০৫ হাজার ৬৪৮ টাকা) নামে দুটি প্যাকেজ চালু করা হয়েছে।
ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা, যা গত বছরের চেয়ে ২৪ হাজার ৮৩০ টাকা কম। মন্ত্রী আরও জানান, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, ক্যাটারিং ও সার্ভিস প্যাকেজ এবার একটি সমন্বিত ব্যবস্থার অধীনে আনা হয়েছে। এছাড়া এবার মিনা-আরাফায় চারটির বদলে তিনটি সার্ভিস প্যাকেজ থাকবে এবং 'হাফ বোর্ড ক্যাটারিং' বাধ্যতামূলক করায় সেবার মান বৃদ্ধি পাবে।
প্রবাসী হজযাত্রীদের সুবিধার্থে এবার তারা যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
পিডিএস/এমএইউ









































