সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারকে ৮০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের সয়াধানগড়া রহমতগঞ্জ এলাকায় অবস্থিত 'খান মিষ্টান্ন ভাণ্ডার'-এর দই উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বিএসটিআই-এর প্রয়োজনীয় অনুমোদন ছিল না। জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ব্যবহৃত দুধের মান পরীক্ষা করে তা সন্তোষজনক পাওয়া গেলেও, উৎপাদিত দইয়ের মোড়কে সঠিক লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রমাণ মেলে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মো. বকুল খানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে কারখানার ঠিকানাসংক্রান্ত কাগজপত্র সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পিডিএস/এমএইউ









































