তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
তারাগঞ্জে সেতুর পাশের রাস্তা ধসে চরম দুর্ভোগ, দুর্ঘটনার শঙ্কা

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের প্রবেশমুখে একটি সেতুর পাশের রাস্তা ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কার না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ার জুম্মা এলাকায় দোয়ালীপাড়া গ্রামের প্রবেশপথে অবস্থিত একমাত্র সেতুটির পাশের অংশ সম্পূর্ণ ধসে গেছে। এতে দোয়ালীপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। বিকল্প কোনো পথ না থাকায় প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও অসুস্থ রোগীদের চরম কষ্ট পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কেবল সাময়িকভাবে কিছুটা মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করেছিল। তবে সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের তোড়ে সেই মাটিও ধসে গেছে। বর্তমানে রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী নাফিউর রহমান জানান, ক্ষতিগ্রস্ত স্থানটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সংস্কার কাজ শুরু করা হবে।
পিডিএস/এমএইউ









































