সোনার দাম আবারও বেড়েছে

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বুধবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনা দাম ভরিতে ২ হাজার ৭৪৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও।
এ নিয়ে টানা দুই দিন সোনার দাম বাড়ল। এর আগে মঙ্গলবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল। ফলে দুই দিনে ভালো মানের সোনার দাম বেড়েছে ভরিতে ৪ হাজার ৩৭৮ টাকা।
বুধবার সকাল ১০টা থেকে সোনার নতুন এ দাম কার্যকর হয়েছে। দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১৩ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৩৭ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ১১ হাজার ৪৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ৬০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৩৬৪ টাকা।
সোনার দামের সঙ্গে সঙ্গে দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।









































