সিরাজগঞ্জ প্রতিনিধি
কাজিপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ৭ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচটি পৃথক স্থানে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
অভিযানকালে পৃথক স্থান থেকে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের সময় সাতজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—জুবায়ের আহমেদ (২৪)-কে ৫ মাস; রাকিব সরকার (৩০), কালাম শেখ (৪০), তানভীর হোসেন (১৮), আবু হাসেম (২১) ও জান্নাত আলীকে (২৬) ৪ মাস করে এবং মুকুল হোসেন (২৫)-কে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসনের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পিডিএস/এমএইউ









































