ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে সাবেক পৌর মেয়রের জানাজায় 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেওয়ায় নবী হোসেন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নবী হোসেন ওই এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সাবেক মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের কফিনে ফুল দেওয়ার সময় নবী হোসেন প্রকাশ্যে এসব রাজনৈতিক স্লোগান দেন, যা বর্তমান প্রেক্ষাপটে চরম উসকানিমূলক।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নবী হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায়ও অভিযুক্ত ছিলেন।
ওসি আরও বলেন, জানাজার মতো ধর্মীয় স্থানে রাজনৈতিক উসকানিমূলক স্লোগান দেওয়া সম্পূর্ণ বেআইনি। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের ধরতেও পুলিশি অভিযান চলছে।
পিডিএস/এমএইউ









































