লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সংস্কার, স্বস্তি ফিরছে যান চলাচলে

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ও সাতকানিয়া অংশে সৃষ্টি হওয়া খানাখন্দ সংস্কার করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে সড়কে সৃষ্টি হওয়া দুর্ঘটনা ও চলাচলের চরম ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।
সম্প্রতি কয়েকদিনের বৃষ্টির পানিতে মহাসড়কের একাধিক পয়েন্টে বড় বড় গর্ত ও উঁচু-নিচু অবস্থার সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচলে ধীরগতি তৈরি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টি কমতেই দোহাজারী সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে এসব খানাখন্দ মেরামতের কাজ শুরু করে। ইতোমধ্যে বড় গর্তগুলো ভরাট করায় যান চলাচল আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ (দোহাজারী)-র উপ-সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, "ভারী বর্ষণের কারণে সাতকানিয়া-লোহাগাড়ার অংশে ধারণার চেয়েও বেশি গর্তের সৃষ্টি হয়েছিল, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই বৃষ্টি কমার পরপরই বিটুমিনাস অ্যাসফল্ট দিয়ে সড়কটি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে বড় খানাখন্দগুলো সংস্কার করায় স্বাভাবিক হয়েছে যান চলাচল।"
পিডিএস/এমএইউ









































