২০২৫-২৬: তৃতীয় প্রান্তিক
জিডিপি প্রবৃদ্ধি নামল ২.২২ শতাংশে, শিল্প খাতে নেতিবাচক

গত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেশ খানিকটা কমেছে; নেমে এসেছে ২ দশমিক ২২ শতাংশে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ৪ দশমিক ৫৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল দেশে।
এই প্রান্তিকে শিল্প খাতে দশমিক ২৮ শতাংশ নেতিবাচক (নেগেটিভ বা ঋণাত্মক) প্রবৃদ্ধি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শিল্প খাতে ৩ দশমিক ৩৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার (২০ জুলাই) আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকের জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করেছে।
গত ১০ জুন গেল অর্থবছরের সাময়িক হিসাব প্রকাশ করে বিবিএস। তাতে বলা হয়, বিদায়ী অর্থবছরে ৪ দশমিক ১৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরেছিল অন্তবর্তী সরকার।
২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে ৩ দশমিক ৪৯ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল দেশে। প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে অর্জিত হয়েছিল ৩ দশমিক ৯১ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৫৩ শতাংশ।
তৃতীয় (জানুয়ারি-মার্চ) ও চতুর্থ (এপ্রিল-জুন) প্রান্তিকে হয়েছিল যথাক্রমে ৪ দশমিক ৫৩ ও ২ দশশিক শূন্য পাঁচ শতাংশ।
সাময়িক হিসাবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৪ দশমিক ৯৬ শতাংশ প্রবৃদ্ধির তথ্য দিয়েছিল পরিসংখ্যান ব্যুরো। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৩ দশমিক শূন্য ৩ শতাংশ হয়েছিল বলে জানিয়েছিল বিবিএস।
কৃষি, শিল্প ও সেবা—এই তিন খাতের উপাত্ত নিয়ে জিডিপির তথ্য প্রকাশ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি-মার্চ প্রান্তিকে এই তিন খাতের প্রবৃদ্ধিই কমেছে।
বিবিএসের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সাময়িক হিসাবে ২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৪ শতাংশ। সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫২ শতাংশ।
দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর সময়ে কৃষি খাতে ৩ দশমিক ৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়। শিল্প ও সেবা খাতে হয় যথাক্রমে ১ দশমিক ২৭ ও ৪ দশমিক ৪৫ শতাংশ।
প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে কৃষি খাতে ২ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়। শিল্প ও সেবা খাতে হয়েছিল যথাক্রমে ৬ দশমিক ৮২ ও ৪ দশমিক ৫১ শতাংশ।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে বিএনপি সরকার।









































