গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ৬ ঘণ্টা আগে

গোবিন্দগঞ্জে ক্যাসিনো এজেন্ট গ্রেপ্তার, আসামি ছিনতাইয়ের চেষ্টা

ছবি : প্রতিদিনের সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁকে থানায় নিয়ে আসার সময় স্বজনরা পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হামলা ও বাধার সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামের নূরুন্নবীর ছেলে আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইনে জুয়া (ক্যাসিনো) পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

কিন্তু সেখান থেকে থানায় নিয়ে আসার পথে রাজ্জাকের স্বজনরা পুলিশ সদস্যদের ঘেরাও করে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। খবর পেয়ে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহুরুল ইসলাম এবং গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মীর শিবলী কায়েস অতিরিক্ত পুলিশ বল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাজ্জাককে নিরাপদে থানায় নিয়ে আসেন।

ক্যাসিনো এজেন্ট রাজ্জাককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আসামির ব্যবহৃত মুঠোফোনে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল আলামত পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়