মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মানিকগঞ্জের সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং আরও তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে ওই এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মুচড়ে গিয়ে চার জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল ও হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। সেখানে নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার মুদ্দোযোগিনি উল্লেখ রয়েছে। তবে প্রাথমিকভাবে এনআইডির তথ্যের সঙ্গে নিহতের চেহারার মিল না পাওয়ায় তাঁর প্রকৃত পরিচয় নিশ্চিত হতে কাজ করছে পুলিশ। অন্যদিকে, দুর্ঘটনার পর পরই ট্রাকচালক যানটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ট্রাকের ধাক্কায় এক সিএনজি যাত্রী মারা গেছেন এবং অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ব্যক্তির প্রকৃত পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া ঘাতক ট্রাক ও চালককে চিহ্নিত করে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পিডিএস/এমএইউ









































