সিরাজগঞ্জ প্রতিনিধি

  ৫ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর প্লাবনভূমিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হযরত আলী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত হযরত আলী উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী (বাঘগাড়ি পাড়া) গ্রামের নুর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে হযরত আলী বাড়ির পাশে বন্যার পানিতে ‘চায়না দুয়ারি’ জাল দিয়ে মাছ ধরতে যান। জাল তোলার সময় অসাবধানতাবশত জালের ভেতরে থাকা একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। বিষয়টি সাধারণ কোনো বিষহীন ধোড়া সাপের কামড় ভেবে হযরত আলী প্রথমে গুরুত্ব দেননি। তবে কিছুক্ষণ পর সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে তিনি কবিরাজ বা ওঝার কাছে গিয়ে ঝাড়ফুঁক করান।

পরবর্তীতে শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটলে স্বজনেরা তাঁকে যমুনা নদী পার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়। তবে অবস্থা সংকটাপন্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাটি ঘিরে স্থানীয়দের মাঝে সাপের প্রজাতি নিয়ে নানা আলোচনা চলছে। কেউ এটি ‘দাঁড়াশ’ কিংবা ‘রাসেলস ভাইপার’ (চন্দ্রবোড়া) হতে পারে বলে অনুমান করছেন। তবে এটি কোন প্রজাতির সাপ ছিল, সে বিষয়ে চিকিৎসক কিংবা বন বিভাগের পক্ষ থেকে নির্দিষ্ট করে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল জানান, সাপে কাটার প্রায় ছয় ঘণ্টা পর রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। ততক্ষণে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে। প্রয়োজনীয় প্রাথমিক অ্যান্টিভেনম দেওয়ার পর স্বজনদের অনুরোধে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় পাঠানো হয়।

তিনি আরও আকুল আবেদন জানিয়ে বলেন, সাপে কাটলে ওঝা বা কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে নেওয়া হলে সঠিক চিকিৎসায় রোগীর প্রাণ বাঁচানো সম্ভব।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়