সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক হত্যা, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) ভোররাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নিহত যুবকের নাম মো. ইলিয়াস খান (২৬)। তিনি উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের কালিঙ্গা গ্রামের সাত্তার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ জুলাই) রাতে কালিঙ্গা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে সিয়াম আহমেদ নামের এক কিশোর ও তার বাবা রাসেলের সঙ্গে ইলিয়াসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর নিহতের ভাই রতন আলী খান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা এলাকা থেকে কালিঙ্গা গ্রামের বাসিন্দা মো. রাসেল (৪২) এবং কামারখন্দ এলাকা থেকে একই গ্রামের মো. সোহেল খানকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনের ঊর্ধ্বে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।
পিডিএস/এমএইউ









































