মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল লিমিটেডের প্রধান ফটকে আজ মঙ্গলবার সকাল ৯টায় ফটক সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান দাবিসমূহ ও কর্মসূচির বিবরণ মৌসুমী জনবল স্থায়ীকরণের স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদের সমন্বয় করা, সরকার ঘোষিত ১৫% প্রণোদনা পে-কমিশনের ন্যায় মজুরি কমিশনে বাস্তবায়ন করা, পে-কমিশনের সাথে একই সময়ে মজুরি কমিশন ঘোষণা করা এবং চিনিশিল্পকে সরকারি নিয়ন্ত্রণে রেখে চিনিকলগুলোকে আধুনিকীকরণের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাবেশে ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, সাবেক সাধারণ সম্পাদক কাজল বসুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সদস্য মতিয়ার রহমান মিঞা।
পরবর্তী কর্মসূচি ফটক সভা ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চিনিকলের প্রধান ফটক থেকে শুরু হয়ে মধুখালী থানা গেট ঘুরে পুনরায় চিনিকলে এসে শেষ হয়। সভা থেকে জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২২ জুলাই বুধবার সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। এছাড়া ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করা হবে।
পিডিএস/এমএইউ









































