চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সীমান্তবর্তী বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদী-তীরবর্তী সীমান্ত এলাকায় ২ হাজার অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বিজিবি।
মঙ্গলবার সকালে নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে নারী-পুরুষ ও শিশুদের এ চিকিৎসাসেবা দেওয়া হয়। এই মেডিকেল ক্যাম্পে দুই ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বিজিবি কর্মকর্তারা জানান, নদী ভাঙনে স্বাস্থ্যকেন্দ্র বিলীন হয়ে যাওয়ায় এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন। স্থানীয়দের অসুবিধার কথা ভেবে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে ৮ বিশেষজ্ঞ চিকিৎসক ওই মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দিয়েছেন। ক্যাম্পে আসা সব রোগীকেই প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও উপ-অধিনায়ক সাজ্জাদুল ইসলামসহ অন্যরা।









































