বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

  ৫ ঘণ্টা আগে

পিকনিকে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধের মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ

নওগাঁর বদলগাছীতে পিকনিকে ব্যবহারের জন্য কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে আহত হওয়ার পাঁচ দিন পর মীর ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ মা-ছেলেসহ এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে।

নিহত মীর ইসমাইল হোসেন উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত মীর ইয়াসিন আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওয়ারিশদের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১৬ জুলাই স্থানীয় তরুণদের এক পিকনিকে খাবার পরিবেশনের জন্য ওয়ান-টাইম প্লেটের পরিবর্তে মীর ইসমাইল হোসেনের গাছের কলাপাতা কেটে ব্যবহার করা হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে মীর ইসমাইল হোসেন, তাঁর ছেলে মীর সোহরাব হোসেন (৫৫) ও স্ত্রী মোমেনা বেগম (৭০) গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে ইসমাইল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে রাজশাহী নেওয়ার পথে নওগাঁ শহরের রুবির মোড়ে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

এর আগে সংঘর্ষের ঘটনায় গত ১৯ জুলাই বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। মৃত্যুর খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি মীর মো. বাঁধন (২৫) এবং তাঁর মা মোছা. বেদেনা খাতুনকে (৫০) আটক করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পাওয়ার পর মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়