সিরাজগঞ্জ প্রতিনিধি

  ৬ ঘণ্টা আগে

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ, আদালতে মামলা

প্রতীকী ছবি

গ্রাহকদের ডিপিএসের (DPS) মেয়াদ পূর্ণ হওয়ার পরও জমানো টাকা ফেরত না দেওয়ার অভিযোগে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী ও জেলা সমন্বয়কারী মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সিরাজগঞ্জের বিজ্ঞ সদর থানা আমলি আদালতে ভুক্তভোগী গ্রাহক মো. আব্দুল কাইয়ুম বাদী হয়ে মামলাটি করেন (মামলা নং: সিআর ৯৯৩/২০২৬)। মামলার প্রাথমিক শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা যায়, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির স্থানীয় প্রতিনিধিরা সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে মাসে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত বিমা কিস্তি সংগ্রহ করতেন। গ্রাহকরা ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে ৫, ১০ ও ১৫ বছর মেয়াদে টাকা জমা দিয়ে নিয়মিত জমা রশিদ গ্রহণ করেন। তবে মেয়াদ শেষ হওয়ার পর পাওনা টাকা ফেরত চাইলে কোম্পানির সিরাজগঞ্জ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তালবাহানা ও কালক্ষেপণ করছেন বলে বাদীর পক্ষে অভিযোগ করা হয়েছে।

টাকা ফেরত পাওয়ার আশায় দীর্ঘদিন ধরে কার্যালয়ে ধরনা দিয়েও কোনো সুরাহা না পাওয়ায় অবশেষে জমানো টাকা ফেরতের আইনি আইনি সুরক্ষার দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী গ্রাহক।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. শওকত আলী সেলিম জানান, তাঁর মক্কেল বছরে ৫০,৮৯৫ টাকা কিস্তিতে ১৫ বছর মেয়াদী একটি বিমা চালু করেন (পলিসি নম্বর: ০২০৬০০৪৭৪২-৮)। ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিমাটির মেয়াদ পূর্ণ হয়, যার মোট দাবিযোগ্য পরিমাণ ১৫ লাখ ২৬ হাজার ৮৫০ টাকা। মেয়াদ শেষে টাকা না পেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও সংশ্লিষ্টরা তা পরিশোধ করেননি। ভুক্তভোগী গ্রাহকের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং পাওনা টাকা আদায়ের লক্ষ্যেই এই মামলা দায়ের করা হয়েছে।

বিমার টাকা না পেয়ে বর্তমানে সিরাজগঞ্জের সংশ্লিষ্ট গ্রাহকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সিরাজগঞ্জ কার্যালয় ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়