মাগুরা প্রতিনিধি

  ৫ ঘণ্টা আগে

মাগুরায় ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে ছোট বোনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় বোনসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহত শিশুরা হলো মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (৩) এবং তার আপন চাচাতো বোন (আমিনুরের ভাই আলিনুরের মেয়ে) রাইসা (২)।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাফিয়া ও রাইসা বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশুকন্যা রাইসা পুকুরের পানিতে পড়ে যায়। তা দেখে তাকে উদ্ধার করতে বড় বোন রাফিয়াও পানিতে ঝাঁপ দেয় এবং দুজনই তলিয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পানি থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।

একই এলাকার বাসিন্দা আব্দুল আলিম বলেন, একসঙ্গে দুই নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো মৌশা গ্রামজুড়ে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের একটি দল পাঠানো হয়। এ মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়