আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা)
দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান।
সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্যান্য সব পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।
বর্ণাঢ্য সাংবাদিকতা ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি সাংবাদিকতা শুরু করেন। ২০০৫ সালের শেষের দিকে বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে ‘দৈনিক দিনকাল’ পত্রিকায় কাজের মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়। পরবর্তী সময়ে ২০০৭ সালে তিনি ঐতিহ্যবাহী ‘দৈনিক ইত্তেফাক’-এ যোগ দেন। ২০১০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডিইউজেএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দীর্ঘ পেশাগত জীবনে তিনি নির্বাচন ও রাজনীতি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রেখেছেন। ২০১৮ সালে তিনি ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সাংগঠনিক সম্পাদক এবং ২০২৩ সালে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন।
২৪-এর ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক হিসেবে পদোন্নতি পান এবং একই সাথে ইত্তেফাকের ইউনিট চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বীকৃতি ও ভ্রমণ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দক্ষতার জন্য তিনি বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:
- চিশতি শাহ হেলালুর রহমান পদক (ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
- জাতীয় অধ্যাপক সুফিয়া আহমদ পদক (ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন)
- বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড (এডুকেশন ওয়াচ)
- সাংবাদিক হোসাইন জাকির স্মৃতি পদক (আরএফইডি)
- পেশাগত কাজের খাতিরে তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সৌদি আরব, ভারত, নেপাল ও ভুটানসহ একাধিক দেশ ভ্রমণ করেছেন।
ব্যক্তিগত জীবন সাইদুর রহমান সাতক্ষীরার কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোসলেম সরদার এবং মা সালেহা খাতুন। পরিবারে তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যাসন্তানের বাবা।
পিডিএস/এমএইউ









































