reporterঅনলাইন ডেস্ক
  ৬ ঘণ্টা আগে

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির টেস্ট দল অস্ট্রেলিয়ার

ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড এবং অফ-স্পিনার নাথান লায়ন। ফলে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বিখ্যাত পেস-স্পিন জুটি কামিন্স, মিচেল স্টার্ক, হ্যাজলউড ও লায়নকে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

পিঠের চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন অধিনায়ক কামিন্স। অন্যদিকে, হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফিরেছেন লায়ন এবং গোড়ালির চোট থেকে সুস্থ হয়ে দলে জায়গা করে নিয়েছেন হ্যাজলউড। তিন সিনিয়র বোলারের প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ আরও অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছে।

দলে রয়েছেন স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স কেয়ারি ও জশ ইংলিসের মতো অভিজ্ঞ ও কার্যকর ক্রিকেটাররাও। তবে মূল স্কোয়াডে জায়গা হয়নি পেসার মাইকেল নেসারের। তিনি স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে থাকবেন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলতে চাইবে অস্ট্রেলিয়া। অন্যদিকে, বিদেশের মাটিতে ভালো ফল করে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের।

১৩ সদস্যের টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জ্যাক ওয়েদারল্ড, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স কেয়ারি (উইকেটরক্ষক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়