reporterঅনলাইন ডেস্ক
  ১৫ ঘণ্টা আগে

নতুন কুঁড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক সূচনা কাল, প্রথম পর্বেই সাঁতার

দেশের ভবিষ্যৎ ক্রীড়া তারকা খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আগামীকাল (মঙ্গলবার)। রাজধানীর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সকাল ১০টায় সাঁতার ইভেন্টের উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে রয়েছে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টস। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই হওয়া প্রতিযোগীরা নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন এই আসরে।

মঙ্গলবার সাঁতারের পাশাপাশি কাবাডি ও ক্রিকেট ইভেন্টের খেলাও অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা হবে রাজধানীর ছয়টি ভেন্যুতে—শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং বাংলাদেশ দাবা ফেডারেশন ভবনে।

আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরই মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠের লড়াই শুরু হয়েছে। বৃষ্টির কারণে খেলা অনুষ্ঠিত না হওয়ায় বালকদের বিভাগে দুটি ম্যাচের ফল নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে। এতে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রংপুর অঞ্চল। অন্য ম্যাচে খুলনা অঞ্চলকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ঢাকা অঞ্চল।

বালিকাদের বিভাগেও একইভাবে টসের মাধ্যমে নির্ধারিত হয়েছে ম্যাচের ফল। সেখানে রংপুর অঞ্চলকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম অঞ্চল। আগামী ২২ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সিলেট অঞ্চল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়