রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ৫ ঘণ্টা আগে

রুহিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি: রেস্তোরাঁকে জরিমানা

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ‘মনতাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ জুলাই) বিকেলে রুহিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা।

অভিযান সূত্রে জানা যায়, সোমবার বিকেলে অধিদপ্তরের প্রতিনিধিদল মনতাজ হোটেলের রান্নাঘর, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ ব্যবস্থা এবং সার্বিক পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে। পরিদর্শনকালে রান্নাঘরের নোংরা পরিবেশ ও খাবার সংরক্ষণে নানা অনিয়ম ধরা পড়ে। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা রেস্তোরাঁ কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাবলি প্রদান করেন।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য সুনিশ্চিত করতে উপজেলার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়মিত বাজার তদারকিমূলক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তা অধিকার অক্ষুণ্ণ রাখতে সকল ব্যবসায়ীকে আইন মেনে খাদ্য সামগ্রী পরিবেশন ও বিক্রির আহ্বান জানান তাঁরা।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়