গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাঝে ফুটবল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকার শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) উপজেলার রাধানগর ইউনিয়নের মিরাকাঁঠাল গ্রামের সুশানঘাট মাঠে এই ফুটবল বিতরণ করা হয়।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের পক্ষ থেকে স্থানীয় খুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। ফুটবল পেয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছে শিশুরা। তারা জানায়, ফুটবলটি পাওয়ায় এখন থেকে তারা নিয়মিত খেলাধুলা করতে পারবে। এজন্য তারা ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।
উপস্থিত সাংবাদিক শাহরিয়া হোসেন শাহাদাৎ বলেন, "আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং তাদের মাঝে সচেতনতা গড়ে তুলতেই খেলাধুলায় উৎসাহ দেওয়া হচ্ছে। খেলাধুলার প্রতি ঝোঁক থাকলে তরুণ সমাজ অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে—এই উদ্দেশ্যেই শিশুদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়েছে।"
এ বিষয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ এলাকার কোমলমতি শিশুরা যেন কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। শিশুদের খেলাধুলায় উৎসাহিত করা এবং পড়াশোনায় মনোযোগী করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, আদিবাসী নেতা বীরেন বেসরা, প্রতিবাদী নেত্রী মাতি মুরমুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পিডিএস/এমএইউ









































