রাজবাড়ী প্রতিনিধি

  ৫০ মিনিট আগে

রাজবাড়ীতে এলপিজি গ্যাসের অবৈধ 'ক্রস ফিলিং', ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

এলপিজি গ্যাসের অবৈধ ‘ক্রস ফিলিং’ ও ওজনে কারচুপির অভিযোগে রাজবাড়ীতে এক ব্যবসায়ীকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কার সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে এলপিজি গ্যাস ক্রস ফিলিংয়ের সত্যতা পাওয়ায় বাজার ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ফরিদপুর থেকে গ্যাস এনে বিভিন্ন নামী কোম্পানির সিলিন্ডারে অবৈধভাবে রিফিল (ক্রস ফিলিং) করে বাজারজাত করছিলেন। এতে একদিকে যেমন গ্রাহকরা সঠিক ওজন থেকে বঞ্চিত হচ্ছিলেন, অন্যদিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মতো বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল।

অভিযান চলাকালে অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে রিটেইলারদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে ও সঠিক ওজনে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

ওমেরা এলপি গ্যাসের স্থানীয় পরিবেশক ‘স্বপ্তবর্ণা ট্রেডার্স’-এর মালিক রণজিৎ সরকার জানান, অনুমোদনহীনভাবে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর অত্যন্ত বিপজ্জনক। ভোক্তাদের সুরক্ষায় অনুমোদিত ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের কাছ থেকে সিলিন্ডারের সিল ও ওজন যাচাই করে গ্যাস কেনার অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসন জানায়, জনস্বার্থ ও সাধারণ ভোক্তার নিরাপত্তা নিশ্চিতে এলপিজি গ্যাসের অবৈধ মজুদ ও অননুমোদিত বিক্রেতাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়