বরিশাল প্রতিনিধি
সমাজ গঠনে বরিশাল র্যাব-৮’র ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত

তরুণ ও যুবসমাজকে মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে বরিশাল র্যাব-৮ এর উদ্যোগে এক ব্যতিক্রমী জনসচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জনাব মোঃ আশিক ইকরাম সৌরভ তার বক্তব্যে বলেন, “মাদক এবং সাইবার অপরাধ বর্তমান সময়ে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কিশোর গ্যাংয়ের মতো অপসংস্কৃতি আমাদের সামাজিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে। শুধু আইন প্রয়োগ করে এই অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ।”
এদিকে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, র্যাব-৮’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান। পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের সদস্য, শিক্ষক, ইমাম, অভিভাবক ও সুধীসমাজের প্রতিনিধিরা এ সভায় অংশগ্রহন করেন।









































