চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ভারতীয় মোবাইল ফোনসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
আটকরা হলেন- উপজেলার মনাকষার পারচৌকা গ্রামের আবুল হোসেনের শাহিন আলম (২০) ও একই গ্রামের বেলালউদ্দিনের ছেলে মাহফুজ (১৮)।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার মনাকষা-মাস্তান মোড় এলাকায় অভিযান চালায় মনাকষা বিওপির একটি টহল দল।
অভিযানকালে ১০টি ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিন ও মাহফুজকে আটক করা হয়। জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলের মূল্য তিন লাখ চব্বিশ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরে দুই আসামিকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।









































