reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

পুলিশের অভিযানে তিন মাসে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার  

বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার

দেশব্যাপী বিশেষ অভিযান ও নিয়মিত অভিযানে গত তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন মামলা ও নিয়মিত অভিযানে ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ এবং অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলভার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এএইচএম শাহাদাত হোসাইন জানান, অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমও জোরদার করা হয়েছে।

তিনি জানান, গত তিন মাসে মাদকবিরোধী অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০টি পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৪ হাজার ৮২১ জনকে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়