reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

তামাক আইন সংশোধন ও দ্রুত বিধিমালার দাবি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬-এর বিধিমালা দ্রুত প্রণয়ন এবং নতুন রূপের ই-সিগারেট ও নিকোটিন পাউচের মারাত্মক প্রভাব থেকে তরুণ সমাজকে সুরক্ষার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর অবসর ভবনে উন্নয়ন সংস্থা 'ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর' (ডর্প)-এর সহযোগিতায় আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।

‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার হলো জনস্বাস্থ্য সুরক্ষা এবং কার্যকর তামাক নিয়ন্ত্রণ নিশ্চিত করা। বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬-এ প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোর ও ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখার যে দৃঢ় অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে দ্রুত নীতিগত পদক্ষেপ ও বিধিমালা জারি করা অপরিহার্য।

সভায় অবসরপ্রাপ্ত সচিব মো. শামসুল আলম খান জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিকোটিন পাউচ, গ্র্যানুলস এবং হিটেড টোব্যাকো প্রোডাক্টস (HTP)-এর ওপর কর আরোপ করা হয়েছে। এর ফলে এসব ক্ষতিকর নিকোটিনজাত পণ্য বাণিজ্যিকভাবে বাজারজাত ও বৈধতা পাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে, যা তরুণদের মধ্যে নিকোটিন আসক্তি বহুলাংশে বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচালক মোহাম্মদ আলী জানান, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি (৩৫.৩%)। তামাকজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় ২ লক্ষ মানুষের অকালমৃত্যু ঘটে। ২০২৪ সালে তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল ৮৭ হাজার কোটি টাকা, যা এই খাত থেকে অর্জিত রাজস্বের দ্বিগুণেরও বেশি।

সভায় বক্তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০২৬) সংশোধন করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে কয়েকটি দাবি জানান। এগুলো হলো। সংশোধিত আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন ও গেজেট প্রকাশ করা। তরুণ সমাজকে বাঁচাতে ই-সিগারেট ও নতুন নিকোটিনজাত পণ্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া। তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়